অবশেষে কাটল দুর্ভোগ, কলকাতায় ফের চালু জন্ম ও মৃত্যু শংসাপত্রের পোর্টাল!

দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে সোমবার চালু হলো জন্ম ও মৃত্যু শংসাপত্রের কেন্দ্রীয় পোর্টাল। এদিন দুপুর সাড়ে ১২টা থেকে কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগে এর কাজ শুরু হয়। তবে স্বাস্থ্যভবন জানিয়েছে, জেলাগুলি থেকে রেজিস্ট্রারদের নাম না আসায় আপাতত শুধু কলকাতাতেই এই পরিষেবা চালু হয়েছে, যা খুব শীঘ্রই রাজ্যজুড়ে সম্প্রসারিত হবে। পুরসভা নতুন রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার নিয়োগ করায় ঝুলে থাকা প্রায় চৌদ্দ থেকে ষোলো হাজার পুরনো শংসাপত্রের আবেদন নিষ্পত্তির কাজও শুরু হয়েছে।
গত ২০ মে থেকে পোর্টালটি আংশিক বন্ধ থাকায় পাসপোর্ট, স্কুল-কলেজ বা ভেরিফিকেশনের কাজে শংসাপত্র পাওয়া নিয়ে চরম ভোগান্তিতে পড়েছিলেন নাগরিকরা। পাশাপাশি স্বাক্ষরকারী রেজিস্ট্রার সংক্রান্ত জটিলতা কাটায় গত শুক্রবার থেকেই শ্মশান ও কবরস্থান থেকে ডেথ সার্টিফিকেট প্রদান শুরু হয়েছিল। তবে পুর স্বাস্থ্যকর্তাদের মতে, জমে থাকা বিপুল পরিমাণ আবেদনপত্র নিষ্পত্তি করে পুরো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক করতে আরও এক থেকে দেড় মাস সময় লাগবে।