চাকরিপ্রার্থীদের কপালে চিন্তার ভাঁজ, স্থগিত হলো একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ!

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই প্রক্রিয়া শেষ করার কথা থাকলেও, হঠাতই অনিশ্চয়তার মুখে পড়েছে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ১২, ১৩ ও ১৭ অগস্ট নির্ধারিত শিক্ষক পদপ্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন পর্ব আপাতত স্থগিত রাখা হয়েছে। অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের সাম্প্রতিক নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এর আগে ২০১০ সালের পর ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ৭৭টি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বাতিল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং পরবর্তী আইনি জটিলতার প্রভাব সরাসরি এসে পড়েছে এই নিয়োগ প্রক্রিয়ার ওপর।
ইতিমধ্যেই এই পরিস্থিতিতে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষক চিন্ময় মণ্ডল জানিয়েছেন, আগামী ৩১ অগস্টের পর কী হতে চলেছে, তা নিয়ে তাঁরা অন্ধকারে রয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারানো এবং নতুন করে আইনি জট ও পর্ষদের এই আচমকা পদক্ষেপে চরম বিপাকে পড়েছেন হবু শিক্ষকরা। একদিকে সুপ্রিম কোর্টের ডেডলাইন এবং অন্যদিকে নথি যাচাই স্থগিত হওয়ায় আগামী দিনে শিক্ষকদের বেতন ও চাকরি বজায় থাকা নিয়ে তৈরি হয়েছে বিরাট প্রশ্নচিহ্ন।