৩ লাখি খাঁচা পৌঁছাল বক্সায়, শীঘ্রই ফিরছে বনের রাজা!

জঙ্গলের রাজার প্রত্যাবর্তনেজে সাজো সাজো রব বক্সা টাইগার রিজার্ভে। ভূপালের ইন্দোর থেকে প্রায় তিন লক্ষ টাকা খরচে তৈরি আট কুইন্টাল ওজনের একটি বিশেষ খাঁচা এসে পৌঁছেছে বক্সায়। লোহা ও সিলভারের সংমিশ্রণে তৈরি এই সুরক্ষিত খাঁচাটি রাখা হয়েছে রাজাভাতখাওয়ার জঙ্গলে, যেখানে নিয়োজিত রয়েছে সশস্ত্র বনবাহিনী। ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটির নির্দেশিকা মেনে গ্রিন করিডরের মাধ্যমে সড়কপথে এই খাঁচাতেই বাঘ আনার প্রস্তুতি চলছে। প্রথমে একটি বাঘিনিকে এই বনাঞ্চলে ছেড়ে পরিবেশ যাচাই করা হবে বলে জানা গিয়েছে।
১৯৮২ সালে দেশের পঞ্চদশ বাঘ সংরক্ষিত এলাকার মর্যাদা পাওয়া বক্সা একসময় কুড়িরও বেশি বাঘের নিরাপদ আশ্রয় ছিল। তবে দীর্ঘকাল এই বনাঞ্চল বাঘশূন্য হয়ে পড়লেও সম্প্রতি ট্র্যাপ ক্যামেরায় পুরুষ বাঘের উপস্থিতি নতুন আশার আলো দেখিয়েছে। রাজ্য বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানিয়েছেন, সমস্ত নিয়ম মেনেই এই বাঘ পুনর্বাসনের কাজ এগিয়ে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বক্সার সবুজ গভীরে ফের রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পাওয়ার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন প্রকৃতিপ্রেমী ও বনকর্তারা।