হালিশহরের পর এবার শ্যামবাজার: খাস কলকাতায় মমতাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান, তীব্র রাজনৈতিক চাপানউতোর!

হালিশহরের পর এবার শ্যামবাজার: খাস কলকাতায় মমতাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান, তীব্র রাজনৈতিক চাপানউতোর!

কলকাতা ও শিলিগুড়ি: কাঁচরাপাড়া ও হালিশহরের পর এবার খাস কলকাতার শ্যামবাজারে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানাতে যান তিনি। মাল্যদানের পর সেখান থেকে বেরোনোর সময় তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার পরপরই রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের দাবি, এটি সম্পূর্ণ পরিকল্পিত। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ অভিযোগ করেছেন, এই ঘটনার পেছনে বিজেপি কর্মীরাই সরাসরি যুক্ত। যদিও শ্রদ্ধা নিবেদন শেষে মমতা দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে বলেন, “তাঁরা দেখানোর জন্য কাজ করেন না, হৃদয় দিয়ে স্মরণ করেন।” অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, এটি সাধারণ মানুষের ক্ষোভের বহির্প্রকাশ।

নেতাজিকে ‘দেশদ্রোহী’ মন্তব্য, থানায় লিখিত অভিযোগ

অন্য দিকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি সাংসদ তথা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (GCPA) নেতা অনন্ত মহারাজের (নগেন রায়) বিতর্কিত মন্তব্যকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে অনন্ত মহারাজ দাবি করেন, ভারতের স্বাধীনতায় নেতাজির কোনো অবদান নেই, উল্টে তিনি দেশের বিরুদ্ধে বন্দুক তুলে নিয়েছিলেন এবং তিনি একজন ‘দেশদ্রোহী’। তাঁর দাবি, ভারতের স্বাধীনতা এসেছে কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্রনারায়ণের নেতৃত্বে।

এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ‘নেতাজি বাহিনী’। সংগঠনের সদস্য অভিজিৎ সান্যাল জানান, অনন্ত মহারাজ ছাড়াও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজের সহযোগীদের বিরুদ্ধে পুলিশ কমিশনারেটে অভিযোগ জানানো হয়েছে। ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *