আরজি কর কাণ্ড: ঘটনার রাতে ভবনে থাকা সবাইকে ফের সিবিআই তলব, বাজেয়াপ্ত নার্সের মোবাইল

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডের তদন্তে নতুন করে গতি আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গেছে, তদন্তের স্বার্থে এক নার্সের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অনুমান করা হচ্ছে, এই নার্সই ঘটনার দিন নির্যাতিতার পরিবারকে ফোন করে মৃত্যুর খবর জানিয়েছিলেন। ফলে তাঁর ফোন থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা প্রমাণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সাথে, গত ৮ ও ৯ আগস্ট যে ভবনে তরুণী চিকিৎসক কর্মরত ছিলেন—সেখানকার সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তাকর্মীদের নতুন করে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। মূলত আগের তদন্তকারী দল কোনো তথ্য এড়িয়ে গিয়েছিল কি না, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
কেন এই সিদ্ধান্ত?
পূর্বে সীমার পাহুজার নেতৃত্বাধীন সিবিআই দলের তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিল নির্যাতিতার পরিবার। তাঁদের অভিযোগ ছিল—হাসপাতালের এক নার্সের বয়ান ও কিছু তথ্যের অসঙ্গতিকে আগের দল গুরুত্ব দেয়নি। পরিবারের আরও দাবি, ওই নার্স মোবাইলে কিছু ক্লিপিংস রেকর্ড করেছিলেন, যা আগের দল এড়িয়ে যায়। তাই এবার নতুন তদন্তকারী দল সংশ্লিষ্ট ভবনে উপস্থিত সকলের বয়ান ভিডিও রেকর্ড করবে।
চলতি ও আগামী সপ্তাহজুড়ে এই বয়ান নেওয়ার প্রক্রিয়া চলবে। এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের নির্দেশে স্বাস্থ্য দফতরও আলাদাভাবে একটি তদন্ত শুরু করছে, যেখানে এই কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতারের পর কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার সিবিআই-এর হাতে যায়। সম্প্রতি নতুন সিবিআই দল আদালতে রিপোর্ট জমা দিয়ে অতিরিক্ত সময় চাইলে হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করে এবং দ্রুত সঠিক পথে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। এরপরই তৎপরতা বাড়াল কেন্দ্রীয় সংস্থাটি।