‘শিল্পের কোনো রাজনৈতিক রং হয় না’, প্রতিবাদের তুলিতে অ্যাকাডেমির গেরুয়া মুছলেন চন্দন-বিকাশরা

‘শিল্পের কোনো রাজনৈতিক রং হয় না’, প্রতিবাদের তুলিতে অ্যাকাডেমির গেরুয়া মুছলেন চন্দন-বিকাশরা

কলকাতা: বিতর্কিত গেরুয়া রং মুছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের মূল গেট সংলগ্ন অংশ আবার সাদা করে দিলেন শিল্পীরাই।

গত ১২ জুলাই অ্যাকাডেমির টিকিট কাউন্টারে গেরুয়া রং করা এবং ভারতমাতার ব্যানার লাগানো নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক কেন্দ্রে রাজনৈতিক ‘রং চাপানো’র প্রতিবাদে নাট্যকর্মীরা বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। শমীক ভট্টাচার্য নিজেও এই ঘটনার নিন্দা করেছিলেন এবং দ্রুত রং ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছিলেন।

তবে ১৫ দিন কেটে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে মঙ্গলবার শিল্পীরা নিজেরাই তুলি হাতে তুলে নেন। নাট্যব্যক্তিত্ব চন্দন সেন, সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যসহ বহু বিশিষ্ট ব্যক্তি এই রং বদলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে হেস্টিংস থানার পুলিশ মোতায়েন ছিল।

শিল্পীদের বক্তব্য:

সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “রঙের সঙ্গে শিল্প ও সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। প্রতিশ্রুতি মতো কাজ না হওয়ায় বাধ্য হয়েই শিল্পীরা এই পদক্ষেপ নিয়েছেন।” অন্যদিকে নাট্যব্যক্তিত্ব চন্দন সেন জানান, “শিল্পের কোনো বিশেষ রং হতে পারে না, তাই সব বিতর্ক মুছে একে নিরপেক্ষ সাদা রঙে ফিরিয়ে আনা হলো।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *