কাটছাঁট বা স্ট্যাম্প নয়! স্বাধীনতা দিবসের আগে ফুলিয়ার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা!

কাটছাঁট বা স্ট্যাম্প নয়! স্বাধীনতা দিবসের আগে ফুলিয়ার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা!

স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাংলার ঐতিহ্যবাহী তাঁতের বুননে এবার তৈরি হচ্ছে জাতীয় পতাকা। কাপড়ে নকশা এঁকে বা অশোকচক্র স্ট্যাম্পিং না করে, সরাসরি তাঁতে বুননের মাধ্যমেই এই পতাকা তৈরি করছেন নদিয়ার ফুলিয়ার তাঁতশিল্পীরা। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী অভিনব বসাক এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিজাইনার মন্টু বসাকের যৌথ উদ্যোগে ‘উইভার সার্ভিস সেন্টার’-এর সহযোগিতায় এই কাজ চলছে। টাঙ্গাইল তন্তুবায় সমবায় সমিতির তত্ত্বাবধানে ১০০ শতাংশ সুতি ৯২ কাউন্টের সুতো ব্যবহার করে হ্যান্ডলুমের ‘কাট-শাটল’ পদ্ধতিতে কাপড় বোনার সময়ই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হচ্ছে অশোকচক্র।

জাতীয় পতাকার নির্দিষ্ট অনুপাত বজায় রেখে তৈরি এই বিশেষ পতাকা তৈরিতে প্রতিটি ক্ষেত্রে সময় লাগছে ১০ থেকে ১২ ঘণ্টা। উদ্যোক্তাদের লক্ষ্য মোট ১৫টি পতাকা তৈরির, যার মধ্যে ১৩টি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। স্বদেশি ভাবনা এবং বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে নতুন মাত্রায় তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসে নির্ধারিত পতাকা উড়ানোর পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের কাছেও এই বিশেষ শিল্পকর্ম পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে শিল্পীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *