নগদ কোটি উদ্ধারের পরই টুলুর ‘ডায়েরি’ রহস্য! বর্ধমানে মাটি খুঁড়ে গ্রেফতার আত্মীয় ম্যানেজার

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ‘বেআইনি’ সম্পত্তির খোঁজে পূর্ব বর্ধমানের আউশগ্রামে বড় অভিযান চালাল পুলিশ। দীর্ঘ তল্লাশি ও মাটি খুঁড়ে খোঁজাখুঁজির পর টুলুর আত্মীয় তথা প্রাক্তন ম্যানেজার মুর্শিদ কামাল ওরফে রিপন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল থেকে চলা এই ম্যারাথন অভিযানে বম্ব স্কোয়াডও অংশ নেয়। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি গুরুত্বপূর্ণ ডায়েরি, ল্যাপটপ ও প্রিন্টার। তদন্তকারীদের অনুমান, এই ডায়েরিতে পাথর খাদান ও টুলুর গোপন আর্থিক লেনদেনের বহু তথ্য লুকিয়ে রয়েছে।
সম্প্রতি ডেউচা গ্রামে টুলুর এক আত্মীয়ের বাড়ি থেকে সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধারের পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন। টুলু এখনও অধরা থাকায় তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আউশগ্রামে মোজাম্মেল হক ও কাজল মণ্ডলের বাড়িতেও হানা দেয় পুলিশ। পরিবারের দাবি অনুযায়ী কোনো নগদ বা গয়না মেলেনি, তবে ডায়েরি ও ডিভাইস জব্দের পর জালের পরিধি আরও বাড়ছে। জাল ডিসিআর ব্যবহারের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।