অগ্নিগর্ভ ঝাড়খণ্ড! রাঁচীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশের হাতে আটক শতাধিক এবিভিপি কর্মী

অগ্নিগর্ভ ঝাড়খণ্ড! রাঁচীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশের হাতে আটক শতাধিক এবিভিপি কর্মী

সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত ছাত্র-যুবদের উপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার ১১ ঘণ্টার ঝাড়খণ্ড বন্‌ধ ডেকেছে বিজেপি। বন্‌ধের সমর্থনে সকাল থেকেই রাঁচীসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তীব্র উত্তেজনা ছড়ায়। রাজধানী রাঁচীর কাঙ্কে রোড, কিশোরগঞ্জ, হারমু চক এবং আরগোরাসহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। এর জেরে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে বিঘ্নিত হয় এবং বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে, বিধানসভা ঘেরাও করতে গিয়ে পুলিশের মুখোমুখি হন এবিভিপি কর্মীরা। পুরনো বিধানসভা ভবন থেকে বর্তমান বিধানসভা ভবনের দিকে এগোতে থাকা ওই মিছিলে পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তার উপর বসে হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার সময় অন্তত ১১০ জন এবিভিপি কর্মীকে আটক করে পুলিশ। রামগড় জেলাতেও রাঁচী-পটনা ৩৩ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বন্‌ধ সমর্থনকারীরা। তবে এই রাজনৈতিক কর্মসূচির থেকে নিজেদের সম্পূর্ণ দূরত্ব বজায় রেখেছেন আন্দোলনকারী ছাত্র-যুবরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *