ব্লাড ব্যাঙ্কের বৈঠকে মালিকেরা কোথায়! মন্ত্রীর কড়া প্রশ্নে বিপাকে কর্তৃপক্ষ!

ব্লাড ব্যাঙ্কের বৈঠকে মালিকেরা কোথায়! মন্ত্রীর কড়া প্রশ্নে বিপাকে কর্তৃপক্ষ!

রাজ্যে বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত বিক্রি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে রাজ্যের ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ককে নিয়ে জরুরি বৈঠকে বসেছিল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সহ বিশিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে সশরীরে তো বটেই, এমনকি ভার্চুয়াল মাধ্যমেও অনেক ব্লাড ব্যাঙ্কের মূল কর্তৃপক্ষ বা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণকারীরা উপস্থিত ছিলেন না। পরিবর্তে টেকনিক্যাল আধিকারিকদের বৈঠকে পাঠানো হয়, যা দেখেই তীব্র অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

বৈঠকের শুরুতে মন্ত্রীর প্রশ্নের মুখে পড়ে প্রতিনিধিদের পদমর্যাদা স্পষ্ট হয়ে যায়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন এমন কাউকে না পাঠানোয় শারদ্বত মুখোপাধ্যায় সরাসরি প্রশ্ন তোলেন, স্বাস্থ্যসচিবের ডাকা বৈঠকে মালিক বা প্রশাসনিক আধিকারিকেরা কেন অনুপস্থিত। এরপর বৈঠককক্ষ থেকেই মন্ত্রী তাঁদের অবিলম্বে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে স্বাস্থ্য দফতরের কঠোর মনোভাব স্পষ্ট জানিয়ে দেওয়ার নির্দেশ দেন। ভার্চুয়াল ব্যবস্থা থাকা সত্ত্বেও দায়িত্ব এড়িয়ে যাওয়ার এই প্রবণতা রোধে কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *