অবশেষে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ, কবে থেকে ছুটবে জোকা-এসপ্ল্যানেড মেট্রো?

কলকাতা মেট্রোর পার্পল লাইনে এল এক বিরাট সাফল্য। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজ সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। সম্প্রতি পার্পল লাইনের ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনে এসে পৌঁছায় টানেল বোরিং মেশিন ‘দিব্যা’। এর আগে গত মাসে অপর মেশিন ‘দুর্গা’ তার সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ করে ভিক্টোরিয়ার মাটির নীচে স্টেশনে পৌঁছেছিল। জটিলতা কাটিয়ে চলা এই ঐতিহাসিক কাজের মুহূর্তে উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজারসহ বিভিন্ন শীর্ষ আধিকারিকরা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সাফল্যের জন্য সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
জানা গিয়েছে, আপাতত ভিক্টোরিয়া মেমোরিয়ালে ‘দিব্যা’ ও ‘দুর্গা’—এই দুটি টানেল বোরিং মেশিনের সংস্কারের কাজ করা হবে। এরপর আগামী নভেম্বর মাসে মেশিন দুটি পার্ক স্ট্রিটের দিকে পুনরায় যাত্রা শুরু করবে। সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৯ সাল নাগাদ জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পার্পল লাইনের সম্পূর্ণ পরিষেবা সাধারণ মানুষের জন্য চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।