অষ্টম বেতন কমিশন নিয়ে বিরাট ঘোষণা! কবে হাতে পাবেন বর্ধিত বেতন ও পেনশন?

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অষ্টম বেতন কমিশন নিয়ে বড় তথ্য দিল অর্থ মন্ত্রক। সম্প্রতি সংসদের বর্ষাকালীন অধিবেশনে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের ৩ নভেম্বর গঠিত এই কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য মোট ১৮ মাস সময় দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই এই রিপোর্ট পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই দেশের লক্ষ লক্ষ কর্মীর বেতন এবং পেনশন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র।
ইতিমধ্যেই কমিশন তাদের কাজ জোরকদমে শুরু করে দিয়েছে। বিগত ৯ মাস ধরে বিভিন্ন সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সম্প্রতি দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে কলকাতা এবং পরবর্তীতে জয়পুরেও বৈঠকের পরিকল্পনা রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রতিরক্ষা বিভাগ বাদে বর্তমানে প্রায় ৩৫.৭৭ লক্ষ কেন্দ্রীয় বেসামরিক কর্মচারী এবং প্রায় ৩৩.৭৬ লক্ষ পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী এর আওতাভুক্ত রয়েছেন। কমিশনের সুপারিশ হাতে পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করবে সরকার।