‘নাসিরুদ্দিনের চেয়ে কুকুর হওয়াও ভাল!’ ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন নিয়ে প্রবীণ অভিনেতাকে তোপ কঙ্গনার

ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে উত্তাল চাকরিপ্রার্থীদের আন্দোলন, আর তা নিয়েই এবার নতুন বিতর্ক বলিউডে। প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহকে উদ্দেশ্য করে তীব্র আক্রমণ শানালেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। নাসিরুদ্দিনকে সরাসরি ‘শেয়াল’ বলে খোঁচা দেওয়ার পাশাপাশি কঙ্গনা মন্তব্য করেন, তাঁর থেকে কুকুর হওয়াও অনেক ভাল।
সম্প্রতি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) ও স্টাফ সিলেকশন কমিশনের (JSSC) নিয়োগে অনিয়মের অভিযোগে গত তিন সপ্তাহ ধরে হাজার হাজার পরীক্ষার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের সমর্থনে রাঁচির একটি সভায় উপস্থিত হয়ে অভিনেতা- গায়ক পীযূষ মিশ্র প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহের পুরনো একটি বক্তব্যের প্রসঙ্গ তোলেন। অতীতে অন্য এক ছাত্র আন্দোলনের সময় তারকাদের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন কটাক্ষ করে বলেছিলেন, “যাঁদের মুখে হাড় রয়েছে, সেই কুকুরের পক্ষে ঘেউঘেউ করা সম্ভব নয়।” এই মন্তব্যটি মনে করিয়ে দিয়ে পীযূষ প্রশ্ন তোলেন, ঝাড়খণ্ডের এই বিশাল নিয়োগ দুর্নীতির সময়ে আজ কোন ‘কুকুরদের’ মুখে হাড় আটকে রয়েছে?
পীযূষের এই বক্তব্যের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের ক্ষোভ উগরে দেন কঙ্গনা রানাউত। তিনি লেখেন, “সবাই কারও না কারও পোষা। কিন্তু আমি যে দেশের রুটি খাই, সেই দেশকেই পাহারা দিই। আর নাসির সাহেব এই দেশের রুটি খেয়ে প্রতিবেশী দেশের হয়ে লড়েন।”
কঙ্গনা আরও যোগ করেন, আনুগত্য ও সরলতার দিক থেকে বিচার করলে নাসিরুদ্দিনের মতো ‘শেয়াল’ হওয়ার চেয়ে তিনি কুকুর হওয়াকেই শ্রেয় বলে মনে করেন।
প্রসঙ্গত, আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মূল দাবি—১৪তম JPSC পরীক্ষা অবিলম্বে বাতিল করতে হবে এবং সিবিআই (CBI) বা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন স্বচ্ছতার আশ্বাস দিলেও দাবি না মানা পর্যন্ত অনশন ও লড়াই চালিয়ে যাওয়ার অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনকারীরা।