যন্তর মন্তরেই শেষ নয়! বড় আন্দোলনের প্রস্তুতিতে CJP, স্বাধীনতা দিবসেই ‘স্কুল ঠিক করো’ অভিযানের ডাক

দিল্লির ছাত্র আন্দোলনের সফল অধ্যায়ের পর এবার সারা দেশজুড়ে ‘যন্তর মন্তর সিজন ২’-এর ডাক দিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং প্রধান মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে তাঁদের লড়াই এখানেই থামছে না। আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস থেকেই শুরু হতে চলেছে তাঁদের নতুন দেশব্যাপী ফ্ল্যাগশিপ কর্মসূচি— ‘স্কুল ঠিক করো’ অভিযান।
কী এই ‘স্কুল ঠিক করো’ অভিযান?
গ্রামের সরকারি স্কুলগুলোতে পানীয় জল, শৌচাগার ও ক্লাসরুমের মতো মৌলিক পরিকাঠামো সুনিশ্চিত করাই এই প্রচারের মূল লক্ষ্য। মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় অভিজিৎ দিপকের নিজের গ্রাম থেকে স্থানীয় পঞ্চায়েত ও অভিভাবকদের সাথে নিয়ে এই লড়াই শুরু হবে।
বিজেপির বিরুদ্ধে সভা বানচালের অভিযোগ
দিপকের চাঞ্চল্যকর অভিযোগ, দিল্লিতে দলীয় ভলান্টিয়ারদের নিয়ে বৈঠক করার জন্য হল বুক করতে গেলে মারাত্মক বাধার মুখে পড়তে হয় তাঁদের। এমনকি বুকিং রসিদ থাকা সত্ত্বেও সকালে হল মালিকদের হুমকি দিয়ে বলা হয়, “সিজেপির বৈঠক হতে দিলে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে!” দিপকের সরাসরি আঙুল শাসকদল বিজেপির দিকে। তাঁর বক্তব্য, এই ধরনের রাজনীতি স্পষ্ট করে দিচ্ছে যে সরকার দেশের যুবসমাজকে কতটা ভয় পাচ্ছে।
ডিজিটাল প্ল্যাটফর্মে একটি স্যাটায়ারিকাল ফ্রন্ট হিসেবে যাত্রা শুরু করলেও, এবার জনগণের অভাব-অভিযোগ শোনার জন্য ‘কেয়া বোলতি পাবলিক’ এবং ‘স্কুল ঠিক করো’— এই জোড়া রণকৌশল নিয়ে শিক্ষা ব্যবস্থাকেই আন্দোলনের মূল হাতিয়ার করতে চলেছে সিজেপি।