ফিফা সভাপতির বিরোধী জোটে ফাটল: ফ্রান্সের পর ইনফান্তিনোর পাশে এবার নিউজিল্যান্ড

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপের আংশিক মালিকানা (২০ শতাংশ) বেসরকারি সংস্থাকে দেওয়ার পরিকল্পনা নিয়ে ফুটবল বিশ্বে চরম বিতর্ক শুরু হয়েছিল। সবচেয়ে আগে সরব হয়েছিল উয়েফা (UEFA)। পরবর্তীতে তিনটি মহাদেশের ফুটবল সংস্থা একজোট হয়ে ফিফার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে এবং স্পষ্ট জানিয়ে দেয়—প্রয়োজনে তারা ফিফার সমস্ত প্রতিযোগিতা বয়কট করবে।
এমনকি উয়েফা সভাপতি গত সপ্তাহে এক বিবৃতিতে স্পষ্ট জানান, ইনফান্তিনোর ওপর থেকে তারা সমস্ত আস্থা হারিয়েছেন এবং আগামী দিনে ফিফা আয়োজিত টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করবেন কিনা তা ভেবে দেখতে হবে। ইউরোপসহ তিন মহাদেশের এই কড়া অবস্থানের মুখে বাধ্য হয়ে ইনফান্তিনো তার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসলেও বিতর্ক থামেনি।
সামনেই অনুষ্ঠিত হতে চলেছে ২৪ দলের অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ। বিরোধী জোটের বয়কট হুমকির মুখে ওই টুর্নামেন্টে জোটভুক্ত দেশগুলো দল পাঠাবে কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই অসন্তোষের জোটে ভাঙন দেখা দিয়েছে। ফ্রান্সের পর এবার ফিফা সভাপতির পাশে এসে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড।
আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ইউরোপীয় শক্তি ফ্রান্সের পথ অনুসরণ করে নিউজিল্যান্ডও অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে তাদের দল পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। প্রবল বিতর্কের মুখে দুই পরাশক্তির এভাবে এগিয়ে আসা ইনফান্তিনোর জন্য যে বড় স্বস্তির বিষয়, তা নিয়ে সন্দেহ নেই।