আইএসআই যোগ ও সেনার গোপন ভিডিও! ধৃত পাক জঙ্গি সন্দেহভাজন, মিলল ১৪ দিনের পুলিশ হেফাজত

আইএসআই যোগ ও সেনার গোপন ভিডিও! ধৃত পাক জঙ্গি সন্দেহভাজন, মিলল ১৪ দিনের পুলিশ হেফাজত

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর সহায়তায় ভারতবিরোধী কর্মকাণ্ড চালানো এবং সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে ধৃত দুই যুবককে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল বারাসাত আদালত। অভিযুক্তদের নাম রানা রউফ ওরফে ওয়াহাব আলম এবং মহম্মদ ইজাজ।

গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) বনগাঁর বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা থেকে রানা রউফ ওরফে ওয়াহাবকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে বাংলাদেশ হয়ে নেপালে পালানোর ছক কষেছিল। নেপালে অবস্থানরত একাধিক পাকিস্তানি চরের সাথে তার সরাসরি যোগাযোগ ছিল এবং তাদের মাধ্যমেই ভারতের বিভিন্ন স্পর্শকাতর তথ্য আইএসআই-এর কাছে পাঠানো হতো। তার মোবাইল ফোন থেকে ফোর্ট উইলিয়াম, ভারতীয় রেল এবং সীমান্তরক্ষী বাহিনীর (BSF) গতিবিধির একাধিক ভিডিও ও মানচিত্র উদ্ধার করা হয়েছে। তবে বেশ কিছু ভিডিও মুছে ফেলা হয়েছে, যা পুনরুদ্ধারের চেষ্টা করছেন সাইবার বিশেষজ্ঞরা। তার কাছ থেকে একটি মেয়াদউত্তীর্ণ পাকিস্তানি ভিসাও বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে যে, ২০১২ সালে ওয়াহাব নেপাল থেকে পশ্চিমবঙ্গে আসে। এখানে এসে সে তিলজলার বাসিন্দা কাঠের মিস্ত্রি মহম্মদ ইজাজের সহায়তায় ভুয়া ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করে। ইজাজ টাকার বিনিময়ে এই ভুয়া পরিচয়পত্র বানিয়ে দিত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এসটিএফ ইজাজকেও গ্রেপ্তার করেছে। সেও একসময় নেপালে ছিল এবং সেখানেই ওয়াহাবের সাথে তার প্রথম পরিচয় হয়।

বুধবার বারাসাত আদালতে ধৃতদের পেশ করে এসটিএফ ১৪ দিনের হেফাজতের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। এই চক্রে আর কে কে জড়িত রয়েছে এবং আরও কাউকে ভুয়ো পরিচয়পত্র দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *