সকালের জলখাবারেও মূল্যবৃদ্ধির কোপ, ১৭ আগস্ট থেকে বাড়ছে পাউরুটির দাম!

সকালের জলখাবারেও মূল্যবৃদ্ধির কোপ, ১৭ আগস্ট থেকে বাড়ছে পাউরুটির দাম!

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া দামের মাঝে এবার সাধারণ বাঙালির সকালের জলখাবারেও পড়তে চলেছে মূল্যবৃদ্ধির কোপ। আগামী ১৭ আগস্ট থেকে রাজ্যে বাড়তে চলেছে পাউরুটির দাম। পশ্চিমবঙ্গ বেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাঁচামাল, জ্বালানি এবং প্যাকেজিং সামগ্রীর খরচ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তারা।

সংগঠনের নতুন হিসেব অনুযায়ী:

  • ৪০০ গ্রাম (১ পাউন্ড): ৩২ টাকা থেকে ৪ টাকা বেড়ে হতে পারে ৩৬ টাকা
  • ২০০ গ্রাম (হাফ পাউন্ড): দাম বাড়তে পারে ২ টাকা পর্যন্ত।
  • ১০০ গ্রাম (সাদা পাউরুটি): ৮ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হতে পারে ১০ টাকা

কেন বাড়ছে দাম?

বেকারি ব্যবসায়ীদের মতে, গত এক মাসে পরিশোধিত আটার দাম কুইন্টাল প্রতি প্রায় ৬০০ টাকা, চিনির দাম প্রায় ১,০০০ টাকা এবং ভোজ্য তেলের দাম কুইন্টাল প্রতি প্রায় ৮০০ টাকা বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবহণ খরচ ও প্যাকেজিং সামগ্রীর প্রায় দ্বিগুণ হওয়া দাম।

পশ্চিমবঙ্গ বেকার্স অ্যাসোসিয়েশনের প্রধান আরিফুল ইসলাম জানান, ২০২৪ সালের জানুয়ারি মাসের পর থেকে দীর্ঘ দিন লস সহ্য করেও পাউরুটির দাম একই রাখা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাম না বাড়ালে বহু বেকারি চিরতরে বন্ধ হয়ে যাওয়ার মুখে পড়বে।

আগামী ১৭ আগস্ট থেকে এই নতুন দাম কার্যকর হলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাসের বাজেটে যে বাড়তি চাপ পড়বে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *