সংসদে সিপিএম সাংসদকে ‘লুঙ্গিওয়ালা’ কটাক্ষের অভিযোগ! সাফাই দিলেন সুস্মিতা দেব

সদ্য তৃণমূলে থেকে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভায় গিয়েই বিতর্কে জড়িয়েছেন সুস্মিতা দেব। কেরলের সিপিআইএম সাংসদ জন ব্রিটাসকে ‘লুঙ্গিওয়ালা’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সোমবার বিকেলে রাজ্যসভায় জন ব্রিটাসের বক্তব্য রাখার সময় এই মন্তব্য করা হয় বলে অভিযোগ। যদিও সংসদের কার্যবিবরণীতে তা রেকর্ড করা হয়নি। এই ঘটনার জেরে মঙ্গলবার উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভা চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণণের কাছে সুস্মিতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেন জন ব্রিটাস। তাঁর দাবি, পোশাক নিয়ে এমন আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে সুস্মিতাকে। বিরোধী সাংসদরা একযোগে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, কারও পোশাক বা সংস্কৃতি নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
গোটা বিতর্কের মুখে দাঁড়িয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুস্মিতা দেব। তাঁর পাল্টা দাবি, তিনি কাউকে ‘লুঙ্গিওয়ালা’ বলেননি, উলটে তাঁকে ‘গদ্দার’ বলা হয়েছে। তিনি জানান, তিনি আসামের বাঙালি এবং কোনো রাজ্যের সংস্কৃতিকে তিনি আক্রমণ করেননি। বিজেপি নেতৃত্বও সুস্মিতার এই মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও কিরেন রিজিজু জানিয়েছেন, এই ধরনের মন্তব্য সমর্থযোগ্য নয়, তবে উভয় পক্ষের কথাই শোনা উচিত। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণও বিষয়টি নিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছেন, কোনো সাংস্কৃতিক বা প্রাদেশিক ঐতিহ্যের প্রতি সহকর্মীদের আসাম্মান দেখানো উচিত নয়। পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।