স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরাই কাল! বাথরুমে মিলল তরুণীর সুটকেসবন্দি পচাগলা দেহ

প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছেড়েছিলেন বিহারের বাসিন্দা ছোটি উপাধ্যায়। কিন্তু সেই প্রেমের পরিণতি যে এমন মর্মান্তিক হবে, তা কেউ ভাবতেও পারেনি। দীর্ঘ ২ মাস পর দাদরা ও নগর হাভেলির একটি ভাড়া বাড়ির বাথরুম থেকে ওই তরুণীর সুটকেসবন্দি পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, গ্রামের যুবক ঋষভের সঙ্গে প্রেমের টানে প্রথম স্বামীকে ছেড়ে তাঁকে বিয়ে করেছিলেন ছোটি। পরিবারের অমতে তাঁরা দাদরা ও নগর হাভেলিতে বসবাস শুরু করেন। কিন্তু কিছুদিন পরই তরুণী গ্রামে ফিরে যাওয়ার জেদ ধরলে দুজনের মধ্যে প্রবল অশান্তি বাঁধে।
পুলিশের প্রাথমিক অনুমান, গত ৯ জুন বচসা চলাকালীন রাগের বশে ছোটিকে গলা টিপে খুন করে ঋষভ। এরপর প্রমাণ লোপাট করতে মৃতদেহ সুটকেসে ভরে, প্লাস্টিক দিয়ে মুড়িয়ে বাথরুমে লুকিয়ে রাখে। বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে সে সোজা বারাণসীতে পালিয়ে যায়। ঘটনার প্রায় ২ মাস পর তীব্র পচা দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিক তালা ভেঙে ভেতরে ঢোকেন এবং বাথরুমে রাখা ওই সুটকেসটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ তদন্তে নামে এবং নানা সূত্র ধরে বারাণসী থেকে অভিযুক্ত ঋষভকে গ্রেপ্তার করে। বর্তমানে এই খুনের বিস্তারিত তদন্ত চলছে।