ড্রাই স্টেট কি এবার অতীত হতে চলেছে, বিহারে কি ফের ফিরছে মদের রমরমা?

২০১৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হাত ধরে বিহারে মদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল মহিলাদের উপর হিংসা ও নির্যাতন কমানো। তবে সম্প্রতি ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকোনমিক রিসার্চের প্রকাশিত একটি নতুন রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, মদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে মহিলাদের সুরক্ষার ছবিটা বদলায়নি। পাশাপাশি রাজস্বের বড়সড় ঘাটতি এবং রাজ্যজুড়ে অবৈধ চোলাই মদের রমরমা ব্যবসাও সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মদ বিক্রি পুনরায় বৈধ করার জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
রিপোর্টের তথ্য সামনে আসার পরই রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। আরজেডির পক্ষ থেকে তোপ দেগে বলা হয়েছে, বর্তমান সরকার নিষেধাজ্ঞা সঠিকভাবে কার্যকর করতে ব্যর্থ হওয়ায় এই পথ বেছে নিতে চাইছে। অন্যদিকে, সূত্রের খবর অনুযায়ী এখনই তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিতে নারাজ প্রশাসন। তবে দীর্ঘ এক দশক ধরে চলা কঠোর নিষেধাজ্ঞার পরেও বিহারে চোরাচালান ও মদ্যপানের প্রবণতা সামান্য হলেও বৃদ্ধি পাওয়ার তথ্য উঠে এসেছে। আগামী দিনে ড্রাই স্টেট তকমা ঘুচিয়ে বিহার সরকার সত্যিই বড় কোনো সিদ্ধান্ত নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।