মহিলা মোর্চার বৈঠকে শোকজ নেতার তাণ্ডব! জলের মধ্যে মাথা চুবিয়ে বিজেপি নেত্রীকে বেধড়ক মারধর!

কোচবিহারের সিতাই বিধানসভায় মহিলা মোর্চার একটি অভ্যন্তরীণ বৈঠককে কেন্দ্র করে চরম উত্তেজনা ও চাঞ্চল্য ছড়াল। দলবিরোধী কাজের অভিযোগে সম্প্রতি শোকজ হওয়া এক বিজেপি নেতার বিরুদ্ধে মহিলা মোর্চার সভাপতিকে মারধর করার মারাত্মক অভিযোগ উঠেছে। শুধু নেত্রীই নন, বাধা দিতে গেলে তাঁর স্বামী ও ছেলেও হামলার শিকার হন। জখম অবস্থায় বর্তমানে তারা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গিয়েছে, সিতাইয়ের ৬ নম্বর মহিলা মোর্চার সভাপতি মালতী বর্মনের উদ্যোগে একটি বৈঠকে নিজের দলবল নিয়ে হাজির হন অভিযুক্ত মণ্ডল সভাপতি ধনঞ্জয়। অভিযোগ, বৈঠকের মধ্যে হঠাৎ করেই মহিলাদের ভিডিও করতে শুরু করেন তিনি। যার প্রতিবাদ করায় মালতীর সঙ্গে তাঁর তীব্র বাদানুবাদ বাঁধে। এরপর অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে মালতীর মাথা ধরে জলের মধ্যে চুবিয়ে মারধর করেন। বাধা দিতে গেলে ওই নেত্রীর পরিবারের অন্যান্য সদস্যদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই অপ্রত্যাশিত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।