বুড়িমার সোনা ও প্রণামীর টাকা তছরুপ! গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী প্রাক্তন কাউন্সিলর গোতে

জালিয়াতি, তোলাবাজি, মারধর ও আর্থিক তছরুপের অভিযোগে কৃষ্ণনগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা চাষাপাড়া বুড়িমা জগদ্ধাত্রী পুজো কমিটির প্রাক্তন সভাপতি গৌতম ঘোষ ওরফে গোতেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। ২০০৮ সাল থেকে চাষাপাড়া বুড়িমা পুজো কমিটির একচ্ছত্র আধিপত্য বজায় রাখা এই নেতার বিরুদ্ধে পুজোর লক্ষ লক্ষ টাকার প্রণামী এবং কেজি কেজি সোনার গয়না সরানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পাশাপাশি সাধারণ মানুষের জমি দখল ও ভয় দেখানোর সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
সম্প্রতি তাঁকে পুজো কমিটির দায়িত্ব থেকে সরানোর পরেই দুর্নীতির এই সমস্ত অভিযোগ প্রকাশ্যে আসে। এদিন গৌতমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে, ফলে তাঁর মুখ ও জামাকাপড় কুসুমে ভরে যায়। এদিকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার পর থেকেই পুরো কৃষ্ণনগর জুড়ে তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।