ডিউটিতে নো সেলফি, রেড রোডে তৈরি বাঙ্কার! স্বাধীনতা দিবসে নজিরবিহীন নিরাপত্তায় মুড়ল কলকাতা

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজকে কেন্দ্র করে সুরক্ষা জোরদার করতে কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। শনিবার রেড রোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা উত্তোলন করবেন। শহরের উপকণ্ঠ থেকে সম্প্রতি জঙ্গি ও পাক চর গ্রেফতারের পর গোয়েন্দারা হাই অ্যালার্ট জারি করায় এবার নিরাপত্তার কড়াকড়ি অনেকটাই বেশি।
ডিউটিতে থাকা পুলিশকর্মীদের ওপর বিশেষ কিছু নির্দেশিকা জারি করেছে লালবাজার। ডিউটি চলাকালীন সেলফি তোলা, ভিডিও করা বা মোবাইলে চোখ রাখা একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কোনো দর্শককে রেড রোডে নামতে দেওয়া হবে না।
নিরাপত্তার খাতিরে শুক্রবার রাত থেকেই পুরো রেড রোড এলাকাকে ১৫টি সেক্টরে ভাগ করে নিশ্ছিদ্র সুরক্ষাবলয়ে মুড়ে ফেলা হচ্ছে। প্রতি সেক্টরে একজন করে ডিসি পদমর্যাদার আধিকারিক দায়িত্বে থাকবেন। রেড রোডে মোতায়েন থাকছে ১,৫০০ পুলিশকর্মী, স্পেশাল ফোর্স এবং কম্যান্ডো বাহিনী। নিরাপত্তার নজরদারিতে থাকছে ৬টি ওয়াচ টাওয়ার, ১১টি বাঙ্কার, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। এছাড়া সমগ্র কলকাতা শহর জুড়ে আরও ৩,০০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকছে এবং ২৩টি পয়েন্টে চলছে কড়া নাকা চেকিং।