‘অমিত শাহ উধাও, মোদির ঘুমের ঘাটতি!’: মোদি-শাহকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

‘অমিত শাহ উধাও, মোদির ঘুমের ঘাটতি!’: মোদি-শাহকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

বিজেপি ও আরএসএস-কে নিশানা করে ফের সুর চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার দিল্লির মভলঙ্কর হলে ‘রচনাত্মক কংগ্রেস’-এর জাতীয় কনভেনশনে তিনি দাবি করেন, ভারত, দেশের ইতিহাস বা দর্শন নিয়ে বিজেপি ও আরএসএসের কোনো গভীর ধারণাই নেই। তাদের মূল লক্ষ্য দেশের ওপর নিজস্ব কাঠামো চাপিয়ে দেওয়া, যার বিপরীতে কংগ্রেস সাধারণ মানুষের বাকস্বাধীনতার জন্য লড়াই করছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করেন রাহুল। তিনি কটাক্ষ করে বলেন, নানা দুশ্চিন্তায় প্রধানমন্ত্রী রাতে ঠিকমতো ঘুমোতে পারেন না। অন্যদিকে, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময়ে প্রায় ২০ দিন সংসদে অমিত শাহের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘যাঁকে চাণক্য বা সর্দার প্যাটেল বলা হয়, তিনি হঠাৎ কোথায় উধাও হয়ে গেলেন?’

দেশের বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন রাহুল। তাঁর মতে, ইরান-যুদ্ধ পরিস্থিতিতে ভারত একটি বড় কূটনৈতিক সুযোগ নষ্ট করেছে। ইরান, রাশিয়া ও আমেরিকার মতো মিত্রদের সঙ্গে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে এবং সেই সুযোগ পাকিস্তান লুফে নিয়েছে। এ ছাড়া চীন সীমান্ত ইস্যুতেও সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। রাহুল স্পষ্ট জানান, মোদি ও শাহ পদত্যাগ না করা পর্যন্ত কংগ্রেস রাজনৈতিক চাপ বজায় রাখবে, তবে এই লড়াই পরিচালিত হবে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও অহিংসার আদর্শে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *