বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার মেধাবী যুবক, ‘ছেলে নির্দোষ’ দাবি কেঁদে ভাসানো মায়ের

বেঙ্গালুরু থেকে জঙ্গি কার্যকলাপ ও দেশবিরোধী যোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা আশরাফুল মল্লিককে (২৫)। এই খবর ছড়িয়ে পড়তেই বাদুড়িয়ার নোয়াপাড়া এলাকায় নেমে এসেছে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য। লস্কর-ই-তইবা যোগে কয়েক বছর আগে গ্রেফতার হওয়া তানিয়া পারভিনের পর ফের সীমান্ত ঘেঁষা বাদুড়িয়ার যুবকের নাম জঙ্গি তালিকায় উঠে আসায় স্থানীয় অধিবাসীরা চরম উদ্বিগ্ন।
সংসারের চরম অনটন ও মায়ের হাহাকার নোয়াপাড়ার জীর্ণ বাড়িতে বসে অঝোরে কেঁদে চলেছেন আশরাফুলের মা হাফিজা বিবি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, হেব্বাগোডি থানা থেকে আচমকাই ফোন করে আশরাফুলের বাবাকে বেঙ্গালুরুতে ডেকে পাঠানো হয়েছে। হাফিজা বিবির দাবি, গোবরডাঙা কলেজ থেকে বিএ পাশ করা আশরাফুল অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে। ব্যারাকপুরসহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বসলেও শেষ পর্যন্ত কাজ মেলেনি।
চাকরি না পাওয়ার হতাশা নাকি অন্য পথ? পরিবারের সদস্যদের মতে, বারবার চাকরির চেষ্টায় ব্যর্থ হয়ে চরম হতাশায় ভুগছিল আশরাফুল। পরবর্তীতে সংসারের তীব্র আর্থিক টানাপোড়েন মেটাতে দেড় বছর আগে বেঙ্গালুরুতে এক সংস্থায় সিকিউরিটি গার্ডের কাজ নিয়ে চলে যায় সে। ছেলের কোনো জঙ্গি সংগঠন বা আফগানিস্তানের ভিসা/পাসপোর্টের সঙ্গে যুক্ত থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন তার পরিবার।
বাকরুদ্ধ প্রতিবেশীরা গ্রামের বাসিন্দারাও এই ঘটনায় স্তম্ভিত। তাঁদের মতে, আশরাফুল কোনোদিন কোনো অসামাজিক কাজে যুক্ত ছিল না। চাকরি না পাওয়ার সুবাদে সোশ্যাল মিডিয়ায় কেউ হয়তো তার সরলতার সুযোগ নিয়ে ভুল পথে চালিত করেছে। এই দরিদ্র পরিবারটির ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেবে, তা নিয়ে দুশ্চিন্তায় প্রতিবেশীরা।