পাস-আউটদের বেআইনি দখল থেকে নেশার ঠেক: কাটমানি ও দাদাগিরির ফাঁদে মেডিক্যাল হস্টেল!

পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজগুলির হস্টেল নিয়ে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসছে। ডাক্তারি পাশ করার পরও ৫ থেকে ১০ বছর ধরে বহু প্রাক্তন ছাত্রছাত্রী বেআইনিভাবে হস্টেলের ঘর দখল করে রেখেছেন বলে অভিযোগ। ফলে বহু নতুন ও দুস্থ পড়ুয়া হস্টেলে সিট পাচ্ছেন না। পাশাপাশি, একাধিক রুম নেশার আড্ডায় পরিণত হয়েছে এবং বাথরুমের অবস্থা অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর।
হস্টেল বণ্টনে দুর্নীতির অভিযোগ তুলে রাষ্ট্রবাদী চিকিৎসক সংগঠন (এনএমও)-এর সাধারণ সম্পাদক ডা: অর্ণপ পাল জানান, কলেজ কর্তৃপক্ষ ঘর বরাদ্দ করলেও নতুন পড়ুয়ারা গিয়ে দেখছেন সেখানে অন্য কেউ রয়েছে। বাধ্য হয়ে জ্যেষ্ঠ ছাত্রছাত্রীদের শরণাপন্ন হতে গিয়ে শুরু হচ্ছে দাদাগিরি ও অনিয়ম।
এই পরিস্থিতি দূর করতে এবং হস্টেল বণ্টনে সম্পূর্ণ স্বচ্ছতা আনতে স্বাস্থ্যভবনে ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন (ডিএমই) ডা: ইন্দ্রজিৎ সাহার সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়েছে এনএমও। তাদের দাবি, হস্টেল অ্যালটমেন্ট যেন শুধুমাত্র কলেজ বডির হাতেই থাকে এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়। নতুন শিক্ষার্থী ভর্তির আগেই এসব সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ডিএমই।