বিএইচইউ ক্যাম্পাসে ভয়াবহ কুকুর হামলা: মাথার ক্ষত ঢাকতে ৫০ সেলাই, অলৌকিক বাঁচা ১১ বছরের শিশুর!

উত্তর প্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ) ক্যাম্পাসে পোষা কুকুরের হিংস্র হামলায় গুরুতর জখম হয়েছে ১১ বছরের এক শিশু। প্রাতঃভ্রমণে বেরিয়ে মারাত্মক আক্রমণের মুখে পড়ে সে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির মাথা ও মুখে গভীর জখম হওয়ায় প্রায় ৫০টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে সে বিএইচইউ ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সকালে। বিএইচইউ-এর সিনিয়র নার্সিং অফিসার প্রেমা রাম চৌধুরী তাঁর দুই ছেলেকে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ছোট ছেলে অভিনব একাই হেঁটে বাড়ি ফেরার পথে, যোধপুর কলোনির কাছে একটি উশৃঙ্খল কুকুর হঠাৎই তার ওপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরটির কামড় ও আঁচড়ে শিশুটি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। ভাগ্যক্রমে, সঞ্জয় রায় নামে এক পথচারী ও তাঁর সঙ্গীরা দ্রুত উদ্যোগ নিয়ে নিজস্ব স্কুটারে করে আহত বালকটিকে ট্রমা সেন্টারে পৌঁছে দেন, ফলে একটি প্রাণঘাতী বিপদ থেকে সে রক্ষা পায়।
শিশুটির পরিবারের অভিযোগ, হিন্দি বিভাগের এক শিক্ষিকার পোষা কুকুর কোনো শিকল বা বেল্ট ছাড়াই ঘোরাফেরা করছিল এবং সেটিই আচমকা এই হামলা চালায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরো ক্যাম্পাসে। শিশুটির বাবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছেন। পুলিশ ও প্রশাসন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার মূল সত্যতা উদ্ঘাটনের চেষ্টা করছে।