৮৮ ঘণ্টার তাণ্ডব, পিওকে-তে ধ্বংসলীলা, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ডোভালের বিস্ফোরক তথ্য

ভারতের উদারতা বা সহনশীলতাকে দুর্বলতা ভাবলে বড় ভুল হবে—ডিসকভারির আসন্ন ডকুসিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ এক সাক্ষাৎকারে এমনই কড়া বার্তা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি স্পষ্ট জানান, দেশের সুরক্ষায় যেকোনো ঝুঁকি নিতে এবং শত্রুকে কঠোর জবাব দিতে ভারত এক মুহূর্তও দ্বিধা করবে না।
গত বছরের ২২ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাব দিতেই ৭ মে ভোরে ভারতীয় বাহিনী শুরু করে সুনির্দিষ্ট সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) সন্ত্রাসী ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিতেই চালানো হয় ৮৮ ঘণ্টার এই বিধ্বংসী আক্রমণ। এই দীর্ঘ সামরিক উত্তেজনার পর ১০ মে সন্ধ্যায় দুই দেশের মধ্যে সমঝোতার মাধ্যমে সংঘাত থামে। পরবর্তীতে জানা যায়, এই অভিযানে দেশের ৬ জন বীর সেনা শহিদ হয়েছিলেন।
ডিসকভারি ও ডিসকভারি প্লাসে শনিবার রাত ৯টায় প্রিমিয়ার হতে যাওয়া দুই পর্বের এই বিশেষ তথ্যচিত্রে ভারতের শীর্ষ নিরাপত্তা নেতৃত্বের সামরিক কৌশল ও গোপনীয় সিদ্ধান্তের নানা বিস্ফোরক তথ্য তুলে ধরা হয়েছে।