জলবন্দি স্কুলে নৌকায় চড়ে স্বাধীনতা দিবস উদযাপন খুদে পড়ুয়াদের!

জলবন্দি স্কুলে নৌকায় চড়ে স্বাধীনতা দিবস উদযাপন খুদে পড়ুয়াদের!

প্রতিকূল আবহাওয়া ও জলমগ্ন অবস্থাকেও হার মানাল খুদে পড়ুয়াদের অবিচল দেশপ্রেম। শনিবার পালিত ৮০তম স্বাধীনতা দিবসের সকালে জলবন্দি স্কুল চত্বরে নৌকায় চড়ে জাতীয় পতাকা উত্তোলনে অংশ নিল পশ্চিম মেদিনীপুরের সবংয়ের চাঁদাগোবরা প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। অবিরাম বৃষ্টির জেরে স্কুল চত্বরে হাঁটুসমান জল জমে যাওয়ায় স্বাভাবিক যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিন্তু ছোটদের দেশভক্তির অদম্য ইচ্ছার সামনে প্রকৃতির এই বাধা টিকতে পারেনি। শেষপর্যন্ত স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের যৌথ উদ্যোগে একটি নৌকার ব্যবস্থা করা হয়, যাতে চড়ে নির্ধারিত সময়েই স্বাধীনতা উদযাপনের এই ঐতিহাসিক মুহূর্তে শামিল হয় শিশুরা।

এদিন স্কুল চত্বরের চারপাশ জলে ডুবে থাকায় এক অভূতপূর্ব ও অনুপ্রেরণাদায়ক দৃশ্যের সাক্ষী থাকলেন স্থানীয় এলাকাবাসী। নৌকায় গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা প্রতিটি শিশুর হাতে ছিল জাতীয় পতাকা এবং মুখে ছিল দেশাত্মবোধক উন্মাদনা। জলমগ্ন পরিবেশের মাঝেই তাদের কন্ঠে জোরালো হয়ে ওঠে ‘বন্দে মাতরম’ সহ মহাত্মা গান্ধী ও ভগৎ সিংয়ের জয়গান। সবরকম প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে শিশুদের এই দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত বর্তমান প্রজন্মের কাছে এক উজ্জ্বল বার্তা পৌঁছে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *