ভালো স্কুলের দাবি তুলতেই মর্মান্তিক পরিণতি! বাঁকুড়ায় ভলান্টিয়ারের বাবাকে পিটিয়ে মারার অভিযোগ

পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে চরম হেনস্থার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টি (CJP)-র এক ভলান্টিয়ার ও তাঁর পরিবার। সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হয়েছে, স্কুল পরিদর্শন করে বাড়ি ফেরার পর ভলান্টিয়ার আব্দুল হাফিজ এবং তাঁর পরিবারের উপর পরিকল্পিত হামলা চালানো হয়। আব্দুলকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর বাবাকে বেধড়ক মারধর করা হয়, যার ফলে আজ সকালে তিনি মারা গিয়েছেন। এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচারের দাবিতে CJP-র একটি বিশেষ টিম ইতিমধ্যেই বাংলার উদ্দেশে রওনা দিয়েছে। সংগঠনের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা এবং প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যতদিন না পরিবারটি ন্যায়বিচার পাচ্ছে, ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। গ্রামীণ এলাকার সরকারি স্কুলগুলির বেহাল দশা জনসমক্ষে তুলে ধরার জন্য “স্কুল ঠিক করো” শীর্ষক ক্যাম্পেনের অংশ হিসেবেই এই স্কুল পরিদর্শনের কর্মসূচি নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে।