বাংলায় অবশেষে চালু আয়ুষ্মান ভারত! ৬ কোটি মানুষ পাবেন ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা, জানুন খুঁটিনাটি

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)। ১৬ অগস্ট ‘আয়ুষ্মান দিবস’ উপলক্ষে এই প্রকল্পের সূচনার মাধ্যমে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার অর্থাৎ প্রায় ৬ কোটি মানুষ প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। যোগ্য পরিবারগুলি তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে এই স্বাস্থ্যবিমার সুবিধা নিতে পারবেন। পাশাপাশি, ৭০ বছরের বেশি বয়সি প্রবীণ নাগরিকরা আয় বা অন্য কোনও শর্ত ছাড়াই এই প্রকল্পের আওতায় বিশেষ সুবিধা পাবেন। ইতিমধ্যেই ই-কেওয়াইসি প্রক্রিয়া শুরু হয়েছে, যা হাসপাতালেও সম্পন্ন করা সম্ভব।
এই নতুন প্রকল্প চালু হলেও রাজ্যজুড়ে বর্তমানে প্রচলিত স্বাস্থ্য সাথী পরিষেবা এখনই বন্ধ হচ্ছে না, বরং ধাপে ধাপে তা পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। মোট ১,৯০৩টি সরকারি ও বেসরকারি হাসপাতাল এই পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে, যেখানে প্রাথমিক অবস্থায় বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে ৯০ দিনের চুক্তি করা হয়েছে। তবে ভুয়ো নথি রোধে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া কঠোর করা হয়েছে এবং স্পষ্ট জানানো হয়েছে যে বিদেশি নাগরিকরা এই প্রকল্পের আওতায় কোনো সুবিধা পাবেন না।