পুরুলিয়ায় ৪০০০ কোটি টাকার মেগা প্রকল্প, পাল্টে যাবে জেলার শিল্প চিত্র, সোমেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

দীর্ঘদিনের খরা কাটিয়ে রুখাশুখা পুরুলিয়ায় নতুন আশা জাগাচ্ছে এক বিশাল শিল্প উদ্যোগ। রঘুনাথপুরের দুরমুটে ১৪৮ একর জমির উপর অমিত মেটালিকস লিমিটেডের প্রায় ৪০০০ কোটি টাকার ইন্টিগ্রেড গ্রিন ফিল্ড প্ল্যান্ট গড়ে উঠতে চলেছে। এই মেগা প্রকল্পে স্পঞ্জ আয়রন, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট ও ফেরো এলয় তৈরির ব্যবস্থা থাকছে, যা জেলায় প্রায় ১৬০০ জনের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। সোমবার এই ঐতিহাসিক প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন রাজ্যের সাতজন প্রভাবশালী মন্ত্রী, যা এই উদ্যোগের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছিল।
একই দিনে পুরুলিয়াবাসীর পানীয় জলের দীর্ঘদিনের তীব্র সমস্যা মেটাতে ১২৯৬.২৫ কোটি টাকার জাইকা জল প্রকল্পের শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মানবাজারের জনসভা থেকে একাধিক সামাজিক প্রকল্পের সূচনা করার পাশাপাশি তিনি সড়কপথে গিয়ে বিভিন্ন পরিদর্শনের কাজ শেষ করবেন। পুরো কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন এবং উচ্চপদস্থ আধিকারিকরা সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেছেন। দুটি গুরুত্বপূর্ণ জনসভা ও মেগা প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ার পরিকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।