৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা পেতে চান? জেনে নিন আয়ুষ্মান ভারতে নাম তোলার পুরো নিয়ম!

রাজ্যের মানুষের জন্য বহু প্রতীক্ষিত আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। নতুন এই ব্যবস্থার মাধ্যমে রাজ্যের প্রায় এক কোটি তেতাল্লিশ লক্ষ পরিবার অর্থাৎ প্রায় ছয় কোটি মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। পাশাপাশি, যাঁদের নাম কেন্দ্রীয় তালিকায় নেই, তাঁদের জন্য থাকছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা, যার সুবিধা পাবেন আরও আশি লক্ষ মানুষ। দেশের প্রায় আটত্রিশ হাজারেরও বেশি হাসপাতালে এই চিকিৎসা পরিষেবা মিলবে।
এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার জন্য উপভোক্তাদের প্রথমে নির্দিষ্ট তথ্যভান্ডার ও রেশন কার্ডের তালিকা যাচাই করতে হবে। নির্দিষ্ট সূচক বা জাতীয় খাদ্যসুরক্ষা আইনের তালিকায় নাম থাকলে সরাসরি ই-কেওয়াইসি সম্পন্ন করে কার্ড ডাউনলোড করা যাবে। যাঁদের নাম প্রাথমিক তালিকায় থাকবে না, তাঁদের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ভূমিহীন, দিনমজুর, তফসিলি জাতি-জনজাতি এবং সত্তরোর্ধ্ব প্রবীণ নাগরিকরা অগ্রাধিকারের ভিত্তিতে এই সুবিধার আওতাভুক্ত হবেন।