আইফোন ১৫-এ হিটিং ও নেটওয়ার্ক সমস্যা: অ্যাপেলকে মোটা অংকের জরিমানা করল আদালত!

আইফোন ১৫ কিনে চরম ভোগান্তির শিকার হওয়া এক আইনজীবীর পক্ষে রায় দিল গুরগাঁওয়ের জেলা কনজিউমার কমিশন। পরিষেবা ও পণ্যে ত্রুটি থাকার অভিযোগে টেক জায়ান্ট অ্যাপেলকে মোট ৪৫,৫০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
২০২৪ সালের জানুয়ারিতে রাজবীর ফোগত নামের ওই আইনজীবী প্রায় ৬৫,০০০ টাকা দিয়ে একটি আইফোন ১৫ কেনেন। তবে কেনার পর থেকেই ফোনটিতে অতিরিক্ত গরম হওয়া, ব্লুটুথ সংযোগে সমস্যা এবং নেটওয়ার্ক ড্রপের মতো জটিলতা দেখা দেয়। অ্যাপেলের অনুমোদিত কাস্টমার কেয়ার ও টেকনিশিয়ানদের দ্বারস্থ হলে তাঁরা একাধিক পরামর্শ দেন—যেমন সফটওয়্যার আপডেট করা, বাড়তি খরচে আইক্লাউড স্টোরেজ কেনা এবং এমনকি সিম নেটওয়ার্ক পরিবর্তন করা। তবে এসবের পরও সমস্যার কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে তিনি ফোন পরিবর্তন বা পুরো টাকা ফেরতের দাবিতে কনজিউমার কমিশনে মামলা করেন।
মামলায় অ্যাপেলের পক্ষ থেকে দাবি করা হয়, ফোনটিতে বাইরের পরিবর্তন (Modification) করা হয়েছে এবং ধুলোবালি প্রবেশের কারণে ওয়ারেন্টি বাতিল হয়ে গেছে। তবে কমিশন উভয় পক্ষের শুনানি শেষে রাজবীরের জমা দেওয়া ট্যাক্স ইনভয়েস, কল ড্রপের স্ক্রিনশট এবং সার্ভিস সেন্টারের জব শিট পর্যবেক্ষণ করে জানায় যে, ফোনটি না সারিয়েই গ্রাহককে ফেরত দেওয়া হয়েছিল। অ্যাপেলের এই গাফিলতি ও ত্রুটিপূর্ণ পরিষেবার দায়েই কমিশন ক্রেতার পক্ষে ঐতিহাসিক রায় ঘোষণা করে।