আইএসআইয়ের পর কি আল কায়দার ছায়া? ভাঙড়ে এসটিএফের জালে দুই সন্দেহভাজন জঙ্গি

আইএসআইয়ের পর কি আল কায়দার ছায়া? ভাঙড়ে এসটিএফের জালে দুই সন্দেহভাজন জঙ্গি

সীমান্তবর্তী বঙ্গে আবার সক্রিয় জঙ্গি সংগঠন? দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও নোদাখালি এলাকায় গোপন অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতদের নাম জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল এবং সফিক শেখ। গোয়েন্দাদের দাবি, ধৃতেরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (আকিস)-এর সক্রিয় সদস্য। সোশ্যাল মিডিয়ায় ‘মুঘলে আজম’ ও ‘জিহাদ-ই-সবিবিল্লাহ’ নামক ফেসবুক পেজ থেকে দীর্ঘদিন ধরে ভারতবিরোধী ও উসকানিমূলক প্রচার চালাচ্ছিল তারা। ভাঙড়ের পানাপুকুরে একটি ভাড়া ঘরে একা থেকে মোবাইলের মাধ্যমে জঙ্গি নেটওয়ার্ক বিস্তারের অভিযোগ উঠেছে টুটুলের বিরুদ্ধে।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় মানুষ ও মাদ্রাসাকে ব্যবহার করে দাওয়াতের নামে তরুণদের প্রভাবিত করার পরিকল্পনা ছিল তাদের। কেবল দক্ষিণ ২৪ পরগনা নয়, সংলগ্ন জেলাগুলিতেও আল কায়দার মডিউল তৈরি করার ছক কষেছিল এই দুজন। ঘটনায় দক্ষিণবঙ্গে নতুন করে জঙ্গি নেটওয়ার্কের বিস্তার নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের যোগাযোগের মাধ্যম, অর্থ সরবরাহের উৎস এবং অন্য কোনো সহযোগী জড়িয়ে রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *