ফাঁসিই চূড়ান্ত: ইনজেকশন বা গুলির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

ফাঁসিই চূড়ান্ত: ইনজেকশন বা গুলির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফাঁসির বিকল্প হিসেবে ইনজেকশন বা অন্য কোনো কম যন্ত্রণাদায়ক পদ্ধতি চালুর আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপাতত মৃত্যুদণ্ড কার্যকরের প্রচলিত প্রথা হিসেবে ফাঁসির সাংবিধানিক বৈধতাই বহাল থাকছে।

বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ আইনজীবী ঋষি মালহোত্রার দায়ের করা জনস্বার্থ মামলাটি খারিজ করে দেন। আবেদনে দাবি করা হয়েছিল— ফাঁসি একটি অত্যন্ত অমানবিক ও যন্ত্রণাদায়ক পদ্ধতি, যেখানে মৃত্যু হতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। এর বদলে প্রাণঘাতী ইনজেকশন, গুলি করা, বৈদ্যুতিক শক বা গ্যাস চেম্বারের মতো আধুনিক পদ্ধতির প্রস্তাব দেওয়া হয়, যা মাত্র ৫ মিনিটের মধ্যে কাজ সম্পন্ন করে। আবেদনকারীর দাবি ছিল, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের আওতায় ‘মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকার’-কে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হোক।

তবে আদালতের পর্যবেক্ষণ, ভবিষ্যতে যদি কোনো জোরালো বৈজ্ঞানিক বা চিকিৎসাগত প্রমাণ উঠে আসে, তবে কেন্দ্র সরকার এ বিষয়ে চিন্তাভাবনা করতে পারে। সরকার চাইলে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করে বিকল্প পদ্ধতি খতিয়ে দেখতে পারে।

উল্লেখ্য, শুনানি চলাকালীন কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে ফাঁসি বা ইনজেকশনের মধ্যে বেছে নেওয়ার সুযোগ দেওয়া বাস্তবে সম্ভব নয়। সরকার কোনো পরিবর্তন আনতে চাইছে না বলে আদালত ক্ষোভ প্রকাশ করলেও, শেষ পর্যন্ত আগের রায়ই বহাল রেখেছে শীর্ষ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *