বাড়ি তালাবদ্ধ থাকলে কি জনগণনা থেকে বাদ পড়বে আপনার নাম! জেনে নিন জরুরি তথ্য

রাজ্যে শুরু হয়েছে জনগণনার দ্বিতীয় ধাপ তথা গৃহ তালিকাভুক্তিকরণ প্রক্রিয়া, যা চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই পর্যায়ে আবাসিক গৃহের পাশাপাশি বাণিজ্যিকভাবে ব্যবহৃত ঘরগুলিও অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে বাড়ি বাড়ি গিয়ে গণনাকর্মীরা যদি ঘর বন্ধ পান, তবে চিন্তার কোনো কারণ নেই। গণনাকর্মীরা দ্বিতীয়বার সেখানে যাবেন এবং যোগাযোগ করার জন্য দরজায় স্টিকার রেখে আসবেন। সোমবার সল্টলেকে পশ্চিমবঙ্গের জনগণনা কার্য নির্দেশক নিখিল পবন কল্যাণ জানান, নাগরিকরা যাতে সহজেই গণনাকারীদের চিহ্নিত করে যোগাযোগ করতে পারেন, সেই ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে প্রথম ধাপে রাজ্যে ৫৩ লাখেরও বেশি পরিবার স্ব-গণনা সম্পন্ন করেছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে এই কার্যক্রমে এক লক্ষ ৭০ হাজার এনুমারেটর ও ৩০ হাজার সুপারভাইজার নিযুক্ত হয়েছেন। প্রতিটি এনুমারেটরকে ১৫০ থেকে ২০০ পরিবারের তথ্য সংগ্রহ করতে হচ্ছে। নাগরিকদের সুবিধার্থে ১৮৫৫ নম্বরের একটি টোল-ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। এছাড়া একই বাড়িতে বসবাসকারী আলাদা পরিবার গণনায় ভুলভাবে একীভূত হলেও তা সংশোধনের সুনির্দিষ্ট সুযোগ থাকছে।