২৮ অগস্ট রাজ্যজুড়ে জমজমাট রাখিবন্ধন উৎসব, নবান্নের নির্দেশে থাকছে বিশেষ আকর্ষণ!

জাতীয় সংহতি ও সম্প্রীতি সুদৃঢ় করতে আগামী ২৮ অগস্ট রাজ্যজুড়ে আড়ম্বরে পালিত হতে চলেছে রাখিবন্ধন উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন থেকে পাঠানো এক বিশেষ নির্দেশিকায় গ্রাম থেকে শুরু করে শহর ও কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে এই উৎসব পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ সুনিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
এবারের উদযাপনের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে জাতীয় পতাকার রঙে রাঙানো ‘তেরঙ্গা রাখি’। রাজ্য সরকারের পক্ষ থেকে দ্রুত জেলাগুলিতে এই বিশেষ রাখি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প, বাউল গান এবং রবীন্দ্রসংগীতের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তোলার রূপরেখা তৈরি করা হয়েছে। উৎসব শেষে দ্রুত বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট নবান্নে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।