কনস্টেবল নিয়োগে বড় ধাক্কা, ১২ হাজার পদের মেধাতালিকা প্রকাশে স্থগিতাদেশ দিল হাইকোর্ট!

তৃণমূল জমানায় প্রকাশিত ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার মেধাতালিকা প্রকাশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০২৪ সালে তৎকালীন সরকারের আমলে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে এই প্রক্রিয়ায় আর্থিকভাবে অনগ্রসর শ্রেণি (EWS)-র সংরক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় নিয়মবিধি মানা হয়নি বলে অভিযোগ ওঠে।
মামলাকারী সুদীপ্ত চক্রবর্তীর দায়ের করা মামলায় আইনজীবী অনিন্দ্য লাহিড়ী ও অর্কদেব বিশ্বাস আদালতে জানান, নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট ইডব্লিউএস নীতি লঙ্ঘন করা হয়েছে। বুধবার বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে শুনানি চলাকালীন আদালত নির্দেশ দেয় যে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়োগের কোনো মেধাতালিকা প্রকাশ করা যাবে না।
উল্লেখ্য, ২০২৪ সালের বিজ্ঞপ্তির পর ২০২৫ সালের নভেম্বরে পরীক্ষা এবং চলতি বছরের শুরুতেই ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। শিক্ষক ও পুরসভা নিয়োগে বিভিন্ন গরমিলের তদন্ত চলাকালীন এবার পুলিশ নিয়োগ প্রক্রিয়াও আইনি জটিলতায় আটকে পড়ল।