নিউ মার্কেট অগ্নিকাণ্ডে জোড়া মোড়, মধ্যরাতে এন্টালি থেকে ধৃত হোটেল মালিক, আজই ৯ মরদেহের ময়নাতদন্ত!

নিউ মার্কেট অগ্নিকাণ্ডে জোড়া মোড়, মধ্যরাতে এন্টালি থেকে ধৃত হোটেল মালিক, আজই ৯ মরদেহের ময়নাতদন্ত!

কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ‘হোটেল শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। বুধবার গভীর রাতে এন্টালি থেকে গ্রেপ্তার করা হয়েছে হোটেলের লিজ হোল্ডার আবু জাফরকে। পাশাপাশি হোটেলের ম্যানেজার ও এক কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দা আধিকারিকরা। এসি বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক অনুমান করা হলেও, হোটেলে উপযুক্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বাংলাদেশিসহ মোট ৯ জন আবাসিকের, আর আহত হয়েছেন অন্তত ৬ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে আজ, বৃহস্পতিবার।

এই মর্মান্তিক ঘটনার পর শহরজুড়ে নড়েচড়ে বসেছে কলকাতা পুরনিগম ও প্রশাসন। দুর্ঘটনাগ্রস্ত হোটেলটিকে আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অগ্নিকাণ্ডের উৎস অনুসন্ধানে গঠন করা হয়েছে ৫ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT)। এতে পুরসভা, পুলিশ, দমকল ও সিইএসসি-র প্রতিনিধিরা থাকবেন। পুর কমিশনারের নির্দেশ অনুযায়ী, আগামী ২৫ আগস্ট থেকে শহরের ১৬টি বরোর সব বাণিজ্যিক আবাসন, হোটেল ও মার্কেটের ফায়ার অডিট ও সুরক্ষাব্যবস্থা খতিয়ে দেখা হবে। ১ মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং মুখ্যসচিবও অবিলম্বে ফায়ার অডিটের চূড়ান্ত রিপোর্ট তলব করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *