দেশের মধ্যে রেকর্ড! বালুরঘাটের মেগা কৌশল মহোৎসব থেকে চাকরি পেলেন সাড়ে চার হাজার তরুণ-তরুণী

কেন্দ্রীয় সরকারের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘কৌশল মহোৎসব’ দেশের মধ্যে ইতিহাস সৃষ্টি করল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই কর্মসংস্থান মেলায় ১০ হাজারের বেশি বেকার যুবক-যুবতী অংশ নেন, যার মধ্যে প্রায় সাড়ে সাত হাজার প্রার্থীর সরাসরি ইন্টারভিউ নেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মহোৎসব থেকে প্রায় সাড়ে চার হাজার চাকরিপ্রার্থীকে সফলভাবে বাছাই করা হয়েছে এবং তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেশের অন্যান্য স্থানের তুলনায় বালুরঘাটে উপস্থিতি ও চাকরি প্রাপ্তির হার ছিল সর্বোচ্চ।
এদিনের এই মেলায় মোট ৫৪টি নামী বেসরকারি সংস্থা অংশ নেয়। আইটি, ইঞ্জিনিয়ারিং, প্রাইভেট ব্যাংক ও ডেলিভারি ক্ষেত্রসহ বিভিন্ন সেক্টরে চাকরি পেয়ে অত্যন্ত আনন্দিত চাকরিপ্রার্থীরা। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের মতে, দুস্থ পরিবারের বহু বেকার যুবক-যুবতী এই আয়োজনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতি এবং প্রশাসনিক সহযোগিতায় আয়োজিত এই সফল মহোৎসব জেলার তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গড়তে এক মাইলফলক হয়ে উঠেছে।