ক্যান্সার আর ছড়াবে না? মডার্নার নতুন mRNA ভ্যাকসিনে মিলল বিরাট সাফল্য!

ক্যান্সার চিকিৎসায় এক যুগান্তকারী সাফল্যের মুখ দেখালেন গবেষকরা। ত্বক বা মেলানোমা ক্যান্সারের চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে মডার্না ও মার্ক-এর যৌথ উদ্যোগে তৈরি ‘পার্সোনালাইজড mRNA ভ্যাকসিন’।
সম্প্রতি ১,১৩৭ জন মেলানোমা রোগীর ওপর ফেজ-৩ (INTerpath-001) ট্রায়াল চালানো হয়। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার বাদ দেওয়ার পর রোগীদের দুই দলে ভাগ করা হয়েছিল— একদলকে শুধু ক্যান্সারের ওষুধ ‘কিট্রুডা’ (Keytruda) দেওয়া হয়, আর অন্যদলকে কিট্রুডার পাশাপাশি এই বিশেষ mRNA ভ্যাকসিন প্রদান করা হয়।
ফলাফলে দেখা গেছে, এক বছর ধরে কিট্রুডার সাথে mRNA ভ্যাকসিন নেওয়া রোগীদের ক্ষেত্রে ক্যান্সার পুনরায় ফিরে আসা কিংবা শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমেছে।
ভ্যাকসিনটি যেভাবে কাজ করে: সাধারণ প্রতিষেধকের থেকে এটি সম্পূর্ণ আলাদা। অস্ত্রোপচারে বাদ দেওয়া টিউমারের জিনগত মিউটেশন পরীক্ষা করে রোগীর শরীরের ওপর ভিত্তি করে আলাদাভাবে এটি তৈরি করা হয়। এই ভ্যাকসিনটি মূলত ইমিউন সিস্টেমকে ক্যান্সার কোষ চেনার ও তা ধ্বংস করার বিশেষ প্রশিক্ষণ দেয়, যাতে ভবিষ্যতে এই রোগ আর ফিরে না আসতে পারে।
তবে ট্রায়ালের সম্পূর্ণ ডেটা এখনও প্রকাশ না পাওয়ায় ভ্যাকসিনটির পার্শ্বপ্রতিক্রিয়া বা মৃত্যুঝুঁকি কমানোর ক্ষমতার বিষয়ে চূড়ান্ত তথ্য মেলা বাকি।