কলকাতায় চিকিৎসা করাতে এসে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশের দুই বাসিন্দার, শোকে বিহ্বল পরিবার

কলকাতায় চিকিৎসা করাতে এসে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশের দুই বাসিন্দার, শোকে বিহ্বল পরিবার

কলকাতা ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের বহুতলে ‘শিখা ইন’ নামের এক হোটেলে মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসা সাতক্ষীরার দুই বাসিন্দার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার বরেয়ার বাসিন্দা আলিমুজ্জামান সাজু (৪৫) এবং তেঁতুলিয়া গ্রামের রেবতী সরকার।

দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগতে থাকা সাজু চিকিৎসকের পরামর্শ নিতে মাত্র কয়েকদিন আগেই ভারতে এসেছিলেন। বুধবারই তাঁর দেশে ফেরার কথা ছিল, তবে তার আগের রাতেই এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, চিকিৎসা করাতে এসে প্রাণ হারিয়েছেন দুই সন্তানের জননী রেবতী সরকারও। শনিবার তাঁর বাংলাদেশে ফেরার কথা ছিল। এই ঘটনার পর দুই পরিবারেই এখন চলছে শোকের মাতম; সুস্থ হয়ে দেশে ফেরার বদলে এখন শুধুই তাঁদের মৃতদেহের অপেক্ষায় স্বজনেরা।

মঙ্গলবার রাত দুটো নাগাদ হোটেলের তিন তলা থেকে শুরু হওয়া এই আগুনে সরাসরি লেলিহান শিখা পুরো বহুতলে না ছড়ালেও, ঘন কালো ধোঁয়ায় হোটেলের সিঁড়ি ও করিডর ঢেকে যাওয়ায় বেরোনোর পথ বন্ধ হয়ে যায়। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৭ জনই বাংলাদেশের নাগরিক এবং ২ জন ভারতীয়। পুলিশ এই অগ্নিকাণ্ডের তদন্তে ৫ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে এবং হোটেলটি লিজ নিয়ে চালানো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *