নিউ মার্কেট অগ্নিকাণ্ড: স্ত্রীর নামে চুক্তি, ৪০ হাজারে লিজ় নিয়ে বেপরোয়া হোটেল ব্যবসা ধৃত আবুর

কলকাতার নিউ মার্কেটের মির্জ়া গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে মধ্যরাতের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শিলিগুড়ির এক বাসিন্দা, ঝাড়খণ্ডের তরুণ হোটেলকর্মী সন্দীপ পাসোয়ান এবং বাংলাদেশের কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ মোট ৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
তদন্তে নেমে এন্টালি এলাকা থেকে হোটেলের আসল পরিচালক আবু জ়াফরকে গ্রেফতার করেছে পুলিশ। জোড়াসাঁকোর বাসিন্দা আবু মূল মালিক বীরেশ্বর মিত্রের থেকে মাসিক ৪০ হাজার টাকার চুক্তিতে মাত্র ১১০০ বর্গফুটের অপ্রশস্ত জায়গায় নিয়ম না মেনে পাঁচটি ঘর নিয়ে হোটেলটি চালাতেন। লিজ়ের যাবতীয় নথি আবুর স্ত্রীর নামে থাকলেও ঘটনার পর থেকে তিনি ও হোটেল মালিক বীরেশ্বর দুজনেই পলাতক।
দমকল ও ফরেনসিক দল জানিয়েছে, রিসেপশনের শর্ট সার্কিট থেকেই আগুন লেগে ফল্স সিলিংয়ের মাধ্যমে বিষাক্ত ধোঁয়া পুরো হোটেলে ছড়িয়ে পড়ে। আদালত আবুকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। কলকাতা পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় এলাকার ৯টি গেস্ট হাউস ও ৪টি রেস্তোরাঁকে শো-কজ করেছে দমকল বিভাগ।