‘ABVP আমাদের ছাত্র সংগঠন নয়’, JU-র সংঘর্ষের পর শমীকের কথায় জোর জল্পনা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের সাধারণ সভাকে কেন্দ্র করে বাম সমর্থিত ছাত্র সংগঠন এবং এবিভিপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। বুধবার রাতের হাতাহাতি ও বৃহস্পতিবারের ব্যারিকেড ভাঙার ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হন। উদ্ভূত এই পরিস্থিতিতে আসরে নামেন স্থানীয় বিধায়ক শর্বরী। তবে ক্যাম্পাসের এই ধুন্ধুমার পরিস্থিতির মাঝেই সব দায় ঝেড়ে ফেলে বিজেপি সম্পূর্ণ দূরত্ব বজায় রাখার কৌশল নিয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানান, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি বিজেপির নিজস্ব ছাত্র সংগঠন নয়। বিশ্ববিদ্যালয় চত্বরে এবিভিপির রাজনৈতিক কর্মকাণ্ড বা সহিংসতার সঙ্গে বিজেপি সরাসরি যুক্ত হবে না। তবে ক্যাম্পাসে পেশিশক্তির আস্ফালন হলে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে বিধায়ক হস্তক্ষেপ করতে পারেন। অন্যদিকে, এই অবস্থানকে তীব্র কটাক্ষ করে ছাত্রভোটের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাম নেতৃত্ব।