গ্র্যাজুয়েশন করলেই চাকরি নিশ্চিত নয়! নীতি আয়োগের চাঞ্চল্যকর রিপোর্টে কপালে চিন্তার ভাঁজ তরুণ প্রজন্মের

দেশজুড়ে উচ্চশিক্ষা নিয়ে এক উদ্বেগজনক তথ্য সামনে এনেছে নীতি আয়োগ। তাদের ‘রিইমাজিনিং স্কিলিং ফর বিকশিত ভারত ২০৪৭’ শীর্ষক রিপোর্টে জানানো হয়েছে, ভারতের মাত্র ৮.২৫ শতাংশ স্নাতক পড়ুয়ার পঠিত বিষয় চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ, অর্জিত ডিগ্রির সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার বিরাট ফারাক রয়ে গেছে। প্রথাগত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিগুলি অধিকাংশ ক্ষেত্রেই তরুণ-তরুণীদের চাকরির উপযোগী করে গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এই বিষয়ে একই শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যে, সঠিক কোর্স নির্বাচনের অভাবে পড়ুয়ারা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
মূলত সরকারি চাকরিতে বসার যোগ্যতার মানদণ্ড পূরণ করতেই দেশের কোটি কোটি ছাত্রছাত্রী বিএ, বিএসসি কিংবা বিকম-এর মতো সাধারণ ডিগ্রি অর্জনের পথে হাঁটেন। তবে বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে এই প্রথাগত শিক্ষার সংযোগ অত্যন্ত দুর্বল হওয়ায় ডিগ্রিধারী বেকারত্বের সমস্যা আরও বাড়ছে। নীতি আয়োগের এই বিশ্লেষণে স্পষ্ট যে, কেবল সার্টিফিকেট অর্জন নয়, বরং কর্মমুখী দক্ষতা ও সঠিক প্রশিক্ষণের ওপর জোর না দিলে ভবিষ্যৎ প্রজন্মের সংকট আরও গভীর হতে পারে।