আপনার নামে ক’টি সিম কার্ড আছে জানেন কি? কড়াকড়ি শুরু কেন্দ্রের!

পরিচয়পত্র বা ইচ্ছামতো আর একাধিক সিম কার্ড কেনা যাবে না। এক ব্যক্তির নামে সর্বাধিক কতগুলি মোবাইল নম্বর থাকতে পারে, সেই বিষয়ে কড়া অবস্থান নিল কেন্দ্র। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে পাঠানো সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ২৪ আগস্ট থেকেই এই নিয়ম কঠোরভাবে কার্যকর করতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী, একজন সাধারণ নাগরিক সর্বোচ্চ ন’টি সিম কার্ড বা মোবাইল নম্বর একসঙ্গে ব্যবহার করতে পারবেন। তবে জম্মু-কাশ্মীর, আসাম এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে ছ’টি।
এতদিন এই সংক্রান্ত নিয়ম থাকলেও টেলিকম সংস্থাগুলি তা কার্যকর করার ক্ষেত্রে সেভাবে কড়াকড়ি করেনি। কিন্তু জালিয়াতি রোধ ও সুরক্ষার স্বার্থে এবার নড়েচড়ে বসেছে কেন্দ্র। গত ১৭ আগস্ট জারি করা নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, নতুন কোনো সিম কার্ড ইস্যু করার আগে গ্রাহকের নামে থাকা মোট সংযোগের সংখ্যা যাচাই করতে হবে কো ম্পা নিগুলিকে। ফলে নির্দিষ্ট সীমার বেশি সিম কার্ড থাকলে গ্রাহকরা চাইলেও আর নতুন সংযোগ পেতে পারবেন না।