বছরের পর বছর ভরাডুবি, দুর্নীতির অভিযোগ, শেষমেশ বন্ধই হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ!

ক্রমাগত আর্থিক লোকসান ও পরিকাঠামোগত ব্যর্থতার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে কঠিন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে, লাভজনক ও সুষ্ঠু পরিকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত তাড়াহুড়ো করে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা হবে না। বিসিবি সভাপতির মতে, গত দুই বছরে এই প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে বোর্ডের প্রায় ৪০ কোটি টাকার বিপুল ক্ষতি হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বোর্ডের আয় হওয়ার কথা থাকলেও উল্টে বিপুল লোকসান পরিকাঠামোগত গলদকেই সামনে নিয়ে আসছে।
এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বছরের শেষে বিপিএল আয়োজনের সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। তবে টুর্নামেন্টটি স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না বলেও আশ্বাস দিয়েছেন তামিম ইকবাল। তিনি জানান, বিপিএল সফলভাবে আয়োজনের ইচ্ছে ১০০ শতাংশ রয়েছে, তবে তার জন্য প্রয়োজন সঠিক সময় ও পরিকল্পনা। এতে যদি ৬ থেকে ২৪ মাসও সময় লাগে, তবে বিসিবি সেই পথেই হাঁটবে। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেলেও তাড়াহুড়ো না করে বিপিএলকে একটি আর্থিকভাবে লাভজনক ও শক্ত ভিতের ওপর দাঁড় করানোকেই এখন প্রধান অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।