‘রবীন্দ্রসঙ্গীত নয়, বোমার শব্দ!’ মমতাকে তোপ শাহর, প্রকাশ্যেই শুভেন্দুর প্রশংসা

শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে ভারতীয় ন্যায় সংহিতার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে হাজির হয়ে বিগত তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বর্তমান শাসনব্যবস্থা ও শুভেন্দু অধিকারীর ভূমিকার প্রশংসা করে তিনি দাবি করেন, আগে বাংলায় আইনের শাসন ছিল না এবং রবীন্দ্রসঙ্গীতের বদলে শুধুই বোমার আওয়াজ শোনা যেত। কিন্তু বর্তমানে নতুন নিয়মাবলি লাগু হওয়ায় বিচারব্যবস্থায় গতি এসেছে এবং জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন ঘটেছে। সাবেক সরকারের আমলে সিন্ডিকেট ও কাটমানির সংস্কৃতির কারণেই ভারতীয় ন্যায় সংহিতা বাস্তবায়নে বাধা দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠান থেকে নাগরিকত্ব সংশোধনী আইন এবং সীমান্ত সুরক্ষা নিয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আশ্বাস দিয়ে জানান, শরণার্থীদের কোনো চিন্তার কারণ নেই, তবে রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে চিহ্নিত করে বের করা হবে। অতীতে সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা ছিল, তা কেটে যাওয়ায় এখন নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে নতুন ৩টি ন্যায় সংহিতা আগামী ৩ বছরের মধ্যে সুপ্রিম কোর্ট পর্যন্ত সাধারণ মানুষকে সঠিক বিচার প্রদান করবে এবং নাগরিক ও তাঁদের সম্পত্তির পূর্ণ সুরক্ষা নিশ্চিত করবে বলে তিনি দাবি করেন।