বন্যপ্রাণীর হামলা থেকে বাঁচতে তীর্থযাত্রীদের রক্ষায় নামছে রোবট কুকুর!

তিরুমালা পাহাড়ের ঘন বনাঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সুরক্ষা এবং বন্যপ্রাণীর গতিবিধি পর্যবেক্ষণে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)। দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথে মানুষের পক্ষে সবসময় নজরদারি চালানো কঠিন হওয়ায়, এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত রোবোট কুকুর ব্যবহারের চিন্তাভাবনা শুরু হয়েছে। সম্প্রতি টিটিডি-র ঊর্ধ্বতন কর্মকর্তারা চার-পা বিশিষ্ট এই অত্যাধুনিক রোবটের কার্যকারিতা সরেজমিন খতিয়ে দেখেছেন।
এই রোবোট কুকুরে রয়েছে ৩৬০-ডিগ্রি লিডার, অপটিক্যাল ও থার্মাল ক্যামেরা এবং রিয়েল-টাইম অবজেক্ট ক্লাসিফিকেশন প্রযুক্তি। এর মাধ্যমে ঘন অন্ধকার বা কুয়াশায় মানুষ ও বন্যপ্রাণীর তফাত করা সহজ হবে এবং সরাসরি লাইভ-স্ট্রিমিং ও জিও-ট্যাগযুক্ত সতর্কবার্তা পৌঁছে যাবে নিয়ন্ত্রণ কক্ষে। এছাড়া, বন্যপ্রাণীদের কোনো শারীরিক ক্ষতি না করে তাদের পথ থেকে দূরে সরাতে এতে বিশেষ শব্দ ও আলোর ব্যবস্থা রয়েছে, যা বনরক্ষীদের কাজের পরিধি আরও বাড়িয়ে তুলবে।